
ডিভোর্সের পর নতুন শুরু, নিকি বেলার নাম জুড়ল ২০ বছর ছোট এই তারকার সঙ্গে, জার্সি পরে দেখা যেতেই বাড়ল জল্পনা, জানুন কে তিনি?
ডিভোর্সের পর WWE তারকা নিকি বেলার নাম জড়াল NFL খেলোয়াড় কুপার ডিজিনের সঙ্গে। ম্যাচে ঈগলস জার্সি পরে দেখা যেতেই সম্পর্কের জল্পনা তুঙ্গে উঠেছে, যদিও দু’জনই এখনও নীরব।
ডব্লিউডব্লিউই-এর কিংবদন্তি ও হল অফ ফেমার নিকি বেলা আবারও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। এবার আলোচনা তাঁর রিং কেরিয়ার নিয়ে নয়, বরং কথিত নতুন সম্পর্ক নিয়ে। রিপোর্টে দাবি করা হচ্ছে, নিকি বেলা বর্তমানে ফিলাডেলফিয়া ঈগলসের তরুণ এনএফএল তারকা কুপার ডিজিনকে ডেট করছেন। গত কয়েক সপ্তাহ ধরে দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর এই জল্পনা আরও জোরদার হয়েছে।
ম্যাচে জার্সি পরে হাজির নিকি
গুঞ্জন আরও জোর পায়, যখন নিকি বেলাকে একাধিকবার ফিলাডেলফিয়া ঈগলসের ম্যাচে কুপার ডিজিনের জার্সি পরে দেখা যায়। প্রথমবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল লাস ভেগাস রাইডার্সের বিরুদ্ধে ঈগলসের হোম ম্যাচে। এরপর সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে, যা দু’জনের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা বাড়িয়ে দেয়। যদিও এখনও পর্যন্ত কেউই সম্পর্ক নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
ক্যাজুয়াল ডেটিংয়ের দাবি
টিএমজেডের রিপোর্ট অনুযায়ী, নিকি বেলা ও কুপার ডিজিন একাধিকবার একসঙ্গে সময় কাটিয়েছেন এবং একে অপরকে পছন্দও করেন, তবে আপাতত এই সম্পর্ক পুরোপুরি ক্যাজুয়াল বলেই জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, নিকি এখনও নিজেকে সিঙ্গলই মনে করেন। তাঁর ফোকাস এখন কেরিয়ার ও পাঁচ বছরের ছেলে ম্যাটিওর লালন-পালনের দিকে, তাই তিনি কোনও তাড়াহুড়ো করতে চান না।
২০২৪ সালের ডিভোর্স ও নতুন ভাবনা
নিকি বেলার ২০২৪ সালে ড্যান্সার ও টিভি তারকা আর্টেম চিগভিনতসেভের সঙ্গে ডিভোর্স হয়। ডিভোর্সের পর নিজের পডকাস্টে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, জীবনে এখন তিনি ভারসাম্য চান এবং ছেলের জন্য সুস্থ কো-প্যারেন্টিংয়ের উপর জোর দেবেন। কুপার ডিজিনের সঙ্গে নাম জড়ানোকে অনেকেই দেখছেন, নিকি হয়তো আগের সম্পর্কের অধ্যায় পেরিয়ে সামনে এগোনোর চেষ্টা করছেন।
বয়সের ফারাকেই সবচেয়ে বেশি চর্চা
এই কথিত সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বয়সের ব্যবধান নিয়ে। নিকি বেলার বয়স ৪২ বছর, আর কুপার ডিজিনের বয়স মাত্র ২২। প্রায় ২০ বছরের এই ব্যবধান সোশ্যাল মিডিয়ায় বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। কেউ একে ব্যক্তিগত পছন্দ বলছেন, আবার কেউ এটিকে চমকপ্রদ সম্পর্ক হিসেবেও দেখছেন।
দু’জনের পরিচয় ও আপাতত নীরবতা
নিকি বেলা ২০০৭ সালে যমজ বোন ব্রি বেলার সঙ্গে ডব্লিউডব্লিউই-তে পা রাখেন এবং দু’বার ডিভা চ্যাম্পিয়ন হন। অন্যদিকে কুপার ডিজিন ন্যাশনাল ফুটবল লিগের উদীয়মান তারকাদের মধ্যে একজন এবং ফিলাডেলফিয়া ঈগলসের হয়ে খেলেন। আপাতত দু’জনই সম্পর্ক নিয়ে নীরব। এখন দেখার বিষয়, এই জল্পনা ভবিষ্যতে কোনও আনুষ্ঠানিক সম্পর্কে রূপ নেয় কি না, নাকি এখানেই থেমে যায়।





