
জানুয়ারির সেন্টার পয়েন্ট হবে সান্ডারল্যান্ড, বড় ক্লাবগুলোর কড়া নজর, ভেতরে ভেতরে চলছে বড় ডিল, জানুন পুরো রিপোর্ট
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে সান্ডারল্যান্ডের নোয়া সাদিকিকে ঘিরে বড় ক্লাবগুলোর তৎপরতা বেড়েছে। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও সিটির নজরে আরও একাধিক তরুণ তারকা, যার ফলে জানুয়ারিতে বড় ডিলের সম্ভাবনা তৈরি হয়েছে।
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগেই ইংল্যান্ডের বড় ক্লাবগুলোর মধ্যে তৎপরতা বেড়ে গেছে। স্কাই সুইজারল্যান্ডের রিপোর্ট অনুযায়ী, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড—দু’টি ক্লাবই সান্ডারল্যান্ডের তরুণ মিডফিল্ডার নোয়া সাদিকির দিকে নজর রেখেছে। ২০ বছর বয়সী সাদিকি ডিআর কঙ্গোর আন্তর্জাতিক খেলোয়াড় এবং ইউনাইটেড তাঁকে ব্রাইটনের কার্লোস বালেবার সস্তা বিকল্প হিসেবে দেখছে। যেখানে বালেবার মূল্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি বলা হচ্ছে, সেখানে সাদিকি তুলনামূলক অনেক কম দামে পাওয়া যেতে পারেন। সাদিকি চলতি বছরের জুলাই মাসেই প্রায় ১৫ মিলিয়ন পাউন্ডে ইউনিয়ন এসজি থেকে সান্ডারল্যান্ডে যোগ দিয়েছিলেন। ইউনাইটেড তাঁকে কোবি মাইনুর সম্ভাব্য বিকল্প হিসেবেও ভাবছে, তবে এই দৌড়ে চেলসিকেই এগিয়ে রাখা হচ্ছে।
কেস স্মিটকে ঘিরে দৌড়
অন্যদিকে চেলসির নজর রয়েছে নেদারল্যান্ডসের উদীয়মান তারকা কেস স্মিটের দিকেও। iNews-এর রিপোর্ট অনুযায়ী, AZ আল্কমারের ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য চেলসিই এই মুহূর্তে ফ্রন্ট-রানার। নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডও স্মিটকে দলে নিতে আগ্রহী, তবে চেলসি ইতিমধ্যেই খেলোয়াড়ের ক্যাম্পের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। স্মিটের ট্রান্সফার মূল্য প্রায় ২৫ মিলিয়ন পাউন্ড বলে ধরা হচ্ছে। যদিও জানুয়ারিতে চেলসি এত বড় অঙ্ক খরচ করবে কিনা, তা এখনও পরিষ্কার নয়। এর বিপরীতে, নিউক্যাসল এই ডিল নিয়ে বেশি সিরিয়াস এবং আগামী মাসেই পদক্ষেপ নিতে পারে।
সিটির বড় সুবিধা
বোর্নমাউথের উইঙ্গার অ্যান্টোনি সেমেনিওকে নিয়ে লিভারপুলের ওপর এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। TEAMtalk-এর রিপোর্ট অনুযায়ী, ২৫ বছর বয়সী সেমেনিওকে একাধিক প্রিমিয়ার লিগ ক্লাব চাইছে, যার মধ্যে টটেনহ্যামও রয়েছে। তবে এই দৌড়ে সিটিই সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে। সেমেনিওর রিলিজ ক্লজ প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ড, যা পরিশোধ করতে সিটির কোনো সমস্যা হওয়ার কথা নয়। জানা যাচ্ছে, ব্যক্তিগত শর্তাবলীও ডিলের ক্ষেত্রে বাধা হবে না, ফলে জানুয়ারিতে বড় কোনো ঘোষণা আসতে পারে।
আরও বড় নাম যুক্ত হতে পারে
ট্রান্সফার বাজারের উত্তাপ এখানেই থামছে না। স্কাই জার্মানির মতে, লিভারপুল, চেলসি এবং ম্যানচেস্টার সিটির নজর রয়েছে আরবি লাইপজিগের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান ডিওমান্দের দিকে। লাইপজিগ ১০০ মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাব পেলে তাঁকে ছাড়তে প্রস্তুত। অন্যদিকে টটেনহ্যামের উইঙ্গার ব্রেনন জনসনকে জানুয়ারিতে সই করাতে চায় ক্রিস্টাল প্যালেস। তবে স্পার্স কোচ থমাস ফ্রাঙ্ক উপযুক্ত বিকল্প না পাওয়া পর্যন্ত এই ট্রান্সফারে অনুমতি দেবেন না। ফলে জানুয়ারিতে কোন বড় বিস্ফোরণ হবে, তা নিয়েই সবার নজর।





