
BPL নিলামের ঠিক আগে বড় বিস্ফোরণ, ৮ ক্রিকেটার লিস্ট থেকে উধাও! BCB–র তদন্তে কী বেরোল?
BPL 2026–এর নিলামের আগে ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহে ৮ ক্রিকেটারকে ড্রাফট থেকে বাদ দিল BCB। ৯০০ পৃষ্ঠার রিপোর্টের ভিত্তিতে নেওয়া কঠোর সিদ্ধান্তে চাঞ্চল্য তৈরি হয়েছে।
BPL 2026 নিলামের আগেই বাংলাদেশ ক্রিকেটে তীব্র ঝড় বয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) শেষ মুহূর্তে আটজন ক্রিকেটারকে প্লেয়ার্স ড্রাফট থেকে বাদ দিয়েছে। ইন্টেগ্রিটি ইউনিটের রিপোর্টে এই খেলোয়াড়দের “রেড ফ্ল্যাগ জোনে” রাখা হয়েছিল। অর্থাৎ-তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-সংশ্লিষ্ট সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। BPL গভর্নিং কাউন্সিলের সদস্য ও BCB–র ভাইস প্রেসিডেন্ট শাকাওয়াত হোসেন আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে বিতর্কিত খেলোয়াড়দের কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না।
কারা বাদ পড়লেন ড্রাফট লিস্ট থেকে?
ড্রাফট থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের একাধিক পরিচিত মুখকে- অনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, সুনজামুল ইসলাম, মিজানুর রহমান, নিহাদুজ্জামান এবং মুনীর হাসান খান। আগে প্রকাশিত প্লেয়ার্স লিস্টে তারা ছিলেন, কিন্তু চূড়ান্ত তালিকা থেকে হঠাৎই নাম গায়েব। BCB-র দাবি, ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের রিপোর্টে তাদের বিরুদ্ধে গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে। তাই নিলামে রাখা সম্ভব নয়। বোর্ড বলেছে-টুর্নামেন্টকে সম্পূর্ণ দূষণমুক্ত রাখতেই এই কঠোর ব্যবস্থা।
৯০০ পৃষ্ঠার রিপোর্টে তোলপাড়
এ সিদ্ধান্ত কোনো সাধারণ তদন্ত নয়, বরং প্রায় ৯০০ পৃষ্ঠার বিশাল প্রতিবেদনের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। আগের BPL মরসুমে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত অভিযোগ তদন্ত করতে একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছিল। তাদের রিপোর্টে উঠে এসেছে-মোট ১৮-১৯ জনের বিরুদ্ধে সন্দেহ রয়েছে, যাদের মধ্যে ৮ থেকে ১০ জন ক্রিকেটারের নাম সন্দেহভাজন হিসেবে চিহ্নিত। ইন্টেগ্রিটি ইউনিট খেলোয়াড়দের গতিবিধি বিশ্লেষণ করে গুরুতর অসঙ্গতি খুঁজে পেয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত।
আরও কঠোর ব্যবস্থা আসছে? নজর এখন BPL–এর ভবিষ্যতে
BCB জানিয়েছে, এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়, তবে এটুকু পরিষ্কার-এটাই শেষ নয়। তদন্ত এখনও চলছে, এবং প্রয়োজনে আরও ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বোর্ড। নিলামের ঠিক ২৪ ঘণ্টা আগে এমন বড় ঘোষণা স্পষ্ট করে দেয় যে BCB এবার ফিক্সিং নিয়ে একেবারে “জিরো টলারেন্স” মুডে রয়েছে। এখন দেখার বিষয়-আর নাম সামনে আসে কি না এবং BPL 2026 কতটা বিতর্কমুক্তভাবে শুরু করা যায়।





