Cricket

বাংলাদেশ বদলে দিল টি-২০ ক্রিকেটের গল্প, ভেঙে দিল সব মিথ, গড়ল নতুন ইতিহাস

২০২৫ সালে বাংলাদেশ টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ে ৩০ ম্যাচে ১৫ জয় তুলে নেয়। প্রথমবার ২০০–এর বেশি ছক্কা, তানজিদের রেকর্ড রান, রিশাদের দুরন্ত বোলিং—সব মিলিয়ে বদলে গেছে বাংলাদেশের টি-২০ পরিচয় ও বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস।

২০২৫ সাল বাংলাদেশ টি-২০ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বছর হয়ে উঠেছে। বহুদিন ধরে যে ধারণা ছিল বাংলাদেশ নাকি টি-২০ ফরম্যাটে দুর্বল এ বছর সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বাংলাদেশ খেলেছে সর্বোচ্চ ৩০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ এবং জিতেছে রেকর্ড ১৫টি ম্যাচ। শুধু পরিসংখ্যানই নয়, দলের মানসিকতা, খেলার ধরণ এবং আত্মবিশ্বাস সবকিছুই বদলে গেছে। ২০২৬ বিশ্বকাপের আগে এই পারফরম্যান্স বাংলাদেশকে একদম নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

ছক্কার ঝড়, প্রথমবার ২০০-এর ঘর পেরোল টাইগাররা
এ বছর বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে ছক্কা মারায়। ২০২৩ সালে যেখানে দল থেমেছিল ১২২ ছক্কায়, সেখানে ২০২৫ সালে সেই সংখ্যা দ্বিগুণ হয়ে পৌঁছে গেছে ২০৬-এ। এটি প্রমাণ করে দল এখন পাওয়ার-হিটিংয়ে নতুন শক্তি অর্জন করেছে। গড় স্ট্রাইক রেটও ছিল ১২৫.৯৭, যা বহু বছরের মধ্যে সর্বোচ্চ। এই বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিলেন তানজিদ হাসান তামিম, যিনি ২৭ ইনিংসে ৪১টি ছক্কা মেরে বাংলাদেশের রেকর্ড বইতে নিজের নাম সোনায় লেখা করেছেন। তার সঙ্গী এমন মেরেছেন ৩৪টি ছক্কা, আর সাইফ হাসান ও লিটন দাস করেছেন যথাক্রমে ২৯ ও ২৩টি ছক্কা।

তানজিদের দুর্দান্ত মৌসুম, তবে মিডল অর্ডার এখনো উদ্বেগের জায়গা
তানজিদ শুধু ছক্কা মারেননি, বরং ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ ৭৭৫ রান করে গড়েছেন নতুন রেকর্ড। তার ১৩৫+ স্ট্রাইক রেটই বলে দেয় তিনি এখন দলের প্রধান ম্যাচ উইনার। তবে টপ অর্ডারের এত ধারালো পারফরম্যান্স মিডল অর্ডারের দুর্বলতা লুকিয়ে রাখছে। জাকার আলী অনিক, শামীম, তৌহিদ হৃদয় ও নুরুল হাসান কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি। ধীরগতির ব্যাটিং দলকে বারবার সমস্যায় ফেলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের পর দেখা যায়, বাংলাদেশের মিডল অর্ডারের স্ট্রাইক রেট টেস্ট খেলুড়ে দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন।

বোলিং হলো বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা
২০২৫ সালে বাংলাদেশের সবচেয়ে স্থিতিশীল শক্তি ছিল বোলিং ইউনিট। লেগ স্পিনার রিশাদ হোসেন ছাপিয়ে গেছেন সবাইকে ২৫ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে হন দলের সুপারস্টার। নাসুম আহমেদ ও মেহেদি হাসানও অনেক ম্যাচে গুরুত্বপূর্ণ বোলিং করে দলকে জিতিয়েছেন। পেস অ্যাটাকের নেতৃত্বে ছিলেন মুস্তাফিজুর রহমান, যিনি ডেথ ওভারে ৬.০৯ ইকোনমিতে ২৬ উইকেট নিয়েছেন যা প্রমাণ করে তিনি এখনো দেশের সবচেয়ে ভরসাযোগ্য পেসার। তাসকিন, শরিফুল ও তানজিমও প্রয়োজনীয় সময়ে গুরুত্বপূর্ণ স্পেল দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button