
WBBL–এ এমন ঘটনা প্রথমবার! রোলারের নিচে গড়িয়ে যাওয়া বল ম্যাচ নষ্ট করল, পিচে গর্ত হতেই বড় সিদ্ধান্ত
WBBL-এ বিরল ঘটনা ঘটল এডিলেডে। ইনিংস ব্রেকে রোলারের নিচে বল ঢুকে পিচে গর্ত তৈরি হওয়ায় এডিলেড স্ট্রাইকার্স বনাম হোবার্ট হারিকেন্স ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।
অস্ট্রেলিয়ার উইমেন্স বিগ ব্যাশ লিগে শুক্রবার এমন এক দৃশ্য দেখা গেল, যা দেখে খেলোয়ার থেকে দর্শকসবাই চমকে ওঠে। এডিলেড স্ট্রাইকার্স ও হোবার্ট হারিকেন্সের ম্যাচটি এডিলেডের ক্যারেন রোল্টন ওভালে চলছিল। কিন্তু ইনিংস ব্রেকে পিচ প্রস্তুতের সময় এমন এক ভুল ঘটে যায় যে ম্যাচ সঙ্গে সঙ্গে বাতিল করতে হয়। আসলে, পিচ সমান করতে যে ভারী রোলার চালানো হচ্ছিল, সেই সময় ওয়ার্ম–আপে ব্যবহৃত একটি বল গড়িয়ে রোলারের নিচে চলে যায়। রোলারের ওজনের চাপে বলটি পিচের ভেতরে ঢুকে যায় এবং সেখানে বড় একটি গর্ত তৈরি হয়ে যায়।
রোলারের এক ভুলে থেমে গেল পুরো ম্যাচ
WBBL–এর নিয়ম অনুযায়ী ইনিংসের মাঝে রোলার ব্যবহার করা যায়। কিন্তু এবার সেই নিয়মই ম্যাচ থামিয়ে দিল। বলটি রোলারের নিচে যেতেই পিচে বলের আকৃতির গভীর গর্ত তৈরি হয়, যা আর ঠিক করা সম্ভব ছিল না। ফলে ব্যাটিং কন্ডিশন সম্পূর্ণ পাল্টে যেত। এডিলেড স্ট্রাইকার্স ঘটনাটি নিশ্চিত করে জানায় যে এটি একেবারে দুর্ঘটনা, তবে পিচ আর ম্যাচযোগ্য ছিল না। আম্পায়ার ও ম্যাচ রেফারি পিচ পরীক্ষা করে সিদ্ধান্তে পৌঁছান যে এই অবস্থায় হারিকেন্সকে ব্যাটিং করানো ন্যায্য হবে না।
ক্যাপ্টেনরাও সিদ্ধান্তকে সঠিক বললেন
অফিসিয়ালরা দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলেন, এবং তাঁরাও সিদ্ধান্ত মানেন। তাঁদের মতে, পিচের অবস্থা প্রথম ইনিংসের চেয়ে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিল-এমন অবস্থায় খেলা চালালে ফল ন্যায্য হতো না এবং খেলোয়ারদের চোটের ঝুঁকিও থাকত। তাই ম্যাচকে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। দর্শকেরা হতাশ হলেও নিয়ম ও নিরাপত্তার কথা মাথায় রেখে এটাই ছিল সঠিক সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে অনেকেই WBBL–এর সবচেয়ে অদ্ভুত ও বিরল ঘটনার মধ্যে একটি বলছেন।
স্ট্রাইকার্সের শক্তিশালী ইনিংস বিফলে গেল
ম্যাচ বাতিল হওয়ায় এডিলেড স্ট্রাইকার্সের কঠোর পরিশ্রমও বৃথা গেল। তারা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান তোলে। ওপেনার ম্যাডেলিন পেনা দুর্দান্তভাবে অপরাজিত ৬৩ রান করেন, আর ব্রিজেট প্যাটারসন মাত্র ১২ বলে ২৪ রান করে দ্রুত ফিনিশিং দেন। বল হাতে ন্যাট সিভার–ব্রান্ট সবচেয়ে মিতব্যয়ী ছিলেন—৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ১ উইকেট নেন। কিন্তু পিচ–দুর্ঘটনা পুরো ম্যাচের গতি বদলে দেয় এবং শেষ পর্যন্ত ম্যাচটি কোনো ফল ছাড়াই বাতিল হয়ে যায়।





